
ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুই বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের চলাচল রবিবার (১৮ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর (সোমবার) থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করা হচ্ছে।
এই অবস্থায় ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ছাড়াও টিকিট ও বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এদিকে, বেসরকারি বিমান সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইনস রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।
এসএ





