শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ঢাকায় সফরকালে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ দেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এ সফরে স্যার ফিলিপের প্রধান লক্ষ্য হবে পঞ্চম যুক্তরাজ্যবাংলাদেশ কৌশলগত সংলাপ, যাতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এই কৌশলগত সংলাপ তাকেই প্রতিফলিত করে।

এই সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক; অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারত্ব এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনা হবে। ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে তিনি ঢাকা সফর করেছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More