বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ডিসেম্বরে বিএনপিকে কোনো ছাড় নয় : কাদের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হলেও আগামী ডিসেম্বরে আর কোনো ছাড় দেওয়া হবে না। ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান।

শনিবার রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর-উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরে আসবে না।

সমাবেশে বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এ দেশের আর একটি মানুষের ওপর আঘাত হলে শত মানুষের আঘাত নেওয়ার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যত ষড়যন্ত্র-বিশৃঙ্খলা করার চেষ্টা করুন না কেন আমরা তা সফল হতে দেব না।

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। বিকেলের মধ্যে বাড্ডার আশপাশে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। পরে প্রগতি সরণি সড়ক বন্ধ করে দিলে ভোগান্তিতে পড়েন অফিস থেকে ফেরা সাধারণ মানুষ। যুমনা ফিউচার পার্ক, নর্দা, শাহজাদপুর, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে ঢাকার অন্য রাস্তাগুলোতে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও মহানগর নেতারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More