দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের আন–অফিশিয়াল টেস্ট ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রাঙিয়েছেন নিজের ইনিংস।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ম্যাচের তৃতীয় দিনে পচেফস্ট্রুমে ডাবল সেঞ্চুরি তুলে নেন তাওহীদ। ২০৪ রানে আছেন অপরাজিত।
পচেফস্ট্রুমের এনডব্লিউসি ওভালে আগের দিনের ৪ উইকেটে ২০১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ৭৫ রানে অপরাজিত থাকা হৃদয় ৩৩৫ বলে ২২টি চার ও একটি ছক্কার সাহায্যে নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০০৩ সালে পাকিস্তান সফরে প্যাট্রনস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন সাবেক ওপেনার বিদ্যুৎ।
বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা বাংলাদেশী ব্যাটারদের এক অভিজাত তালিকাতেও নাম লিখিয়েছেন হৃদয়। সেখানে তার সঙ্গী মুশফিকুর রহিম (২০০) ও সাকিব আল হাসান (২১৭)।
মুশফিক ও সাকিব যথাক্রমে ২০১৩ ও ২০১৭ সালের বাংলাদেশের জার্সিতে টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েছিলেন।
৭৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী। সাবলীল ব্যাটিংয়ে দুজনই দলের রান এগিয়ে নেন। সঙ্গে ব্যক্তিগত মাইলফলকের দিকেও ছুটছিলেন তারা।
তাওহীদ চার মেরে ১৬৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। সেঞ্চুরিতে পৌঁছতে তিনি ১৩ চার ও ১ ছক্কা হাঁকান। জাকের একই পথে ছিলেন। কিন্তু নতুন বল নেওয়ার পর জাকের পেসার মোরেকির বল উইকেটে টেনে বোল্ড হন ৯৪ রানে। জাকেরের সঙ্গে তাওহীদের জুটি ছিল ১৫১ রানের।
সেখান থেকে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন তাওহীদ ও সাইফ উদ্দিন। তাদের জুটিতে আসে ১৮৫ রান। সাইফউদ্দিন ৮৭ রানে আউট হলে দিনের খেলা শেষ হয়।
বাংলাদেশ ৬ উইকেটে ৪৭১ রান তুলেছে। তাওহীদ অপরাজিত আছেন ২০৪ রানে। এখনও ৪১ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল ৫১২ রান।
এসএ