
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি।
রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।
এ ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
লাইভে তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। তার গাড়ি কিছুটা দূরে থাকায় তিনি রক্ষা পান। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা–পয়সা নিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। ডাকাতদের দেখে তার গাড়িচালক গাড়িটি ঘুরিয়ে নেওয়ায় তারা রক্ষা পান।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।