মাদারীপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২ টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা ট্রাক ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাইমুন ভূঁইয়া (৩৫) নিহত হন। এসময় নিহত সাইমুনের শ্যালক মোটরসাইকেল আরোহী নাজমুল খাঁ কে (১৭) স্হানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহীরা কালির বাজার ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল খাঁ রাজৈর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনা পড়া গ্রামের পান্নু খাঁ‘র ছেলে। নিহত সাইমুন উদ্দিন ফরিদের বাড়ি নেত্রকোনা জেলায়। নিহত দুইজন শ্যালক–দুলাভাই সম্পর্কের।
শ্রীনদী পুলিশ ফাঁড়ির আইসি মাহমুদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক চালক সূর্য মিয়াকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রফিকুল ইসলাম