বাংলাদেশ জামায়াতে ইসলামী নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে মোহাম্মদ শিশির মনির লিখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”
এর আগে, ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত ‘সুধী সমাবেশে‘ বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, “আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোট হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে।
এসএ