জ্বালানি সংকটে পাননি কোনো গাড়ি। যে কয়েকটি পেয়েছেন ভাড়া চায় তিনগুণ। এ অবস্থায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে বিয়ে করতে গেছেন শাহিন আলম নামে যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকা থেকে খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকায় বিয়ের উদ্দেশে রওনা হন শাহিন।
বর শাহিন আলম বলেন, ‘বিয়ের দিন নির্ধারিত থাকলেও বাজারে তেল সংকট থাকায় কোনোভাবেই গাড়ি পাওয়া যাচ্ছিল না, আবার তারিখ পরিবর্তনের সুযোগও ছিল না। তাই বাধ্য হয়ে ইজিবাইক নিয়ে বিয়ের উদ্দেশে রওনা হয়েছি।’
বরযাত্রী মো. আমির হোসেন বলেন, ‘অনেক চেষ্টা করেও গাড়ি জোগাড় করতে পারিনি। গতকাল একটি গাড়ি পেলেও তেল না পাওয়ার অজুহাতে ২ হাজার টাকার ভাড়া ৬ হাজার টাকা দাবি করা হয়।
তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ। এত টাকা দিয়ে গাড়ি ভাড়া করা সম্ভব না। তাই কয়েকটি অটোরিকশা নিয়ে মাত্র ১৫ জন বরযাত্রী নিয়ে ইজিবাইকেই যাচ্ছি।’
মেসার্স মেহেরুন্নেছা ফিলিং স্টেশন ম্যানেজার প্রবীর কুমার দাশ বলেন, দৈনন্দিন চাহিদার তেলই পাচ্ছি না, তার ওপর ঈদের বাড়তি চাপ পরিস্থিতি আরও জটিল করেছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার দিপক কুমার শীল বলেন, ঈদের অতিরিক্ত চাপ এবং অনেকের তেল মজুত প্রবণতার কারণে পাম্পগুলোতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা এখন অনেকটাই শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি। আশা করি দ্রুত সংকট কমে যাবে।
উল্লেখ্য, ঈদ ছুটিতে পর্যটকের ঢলে মুখর খাগড়াছড়ি জেলায় হঠাৎ জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। কোথাও কোথাও রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে।
এসএ