সারাদেশে এক দিনে অভিযান চালিয়ে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরা হয়।
মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে সারাদেশে অভিযান চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হলো। ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জ্বালানি যুগ্ম সচিব মনির হোসেন বলেন, সোমবার (৩০ মার্চ) ৩৯১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৯১টি। মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল জব্দ করা হয়ে। এছাড়া সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
জ্বালানি বিভাগ সংবাদ সম্মেলনে আরও জানায়, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা। কারাদণ্ড পেয়েছেন ১৯ জন। ৩০ মার্চ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার। অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার। পেট্রল ৬০ হাজার ২ লিটার।
এসএ