
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেল‘কে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) বাগেরহাট পৌর বিএনপি সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাস ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহরিয়ার কবির রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তবে তার দেয়া জবাব সন্তোষজনক মনে করেনি দলীয় নেতৃত্ব।
এতে আরও বলা হয়, সরকারের কোনো কর্মকাণ্ড যথাযথ না হলে কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপত্তি থাকলে তা দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তিনি দলকে হেয় প্রতিপন্ন করেছেন। এ ধরনের কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা বিরোধী হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ ছাড়া কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও শাহরিয়ার কবির রুবেল অন্যান্য সরকারবিরোধী পোস্টে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। তার এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
এ পরিপ্রেক্ষিতে শাহরিয়ার কবির রুবেল‘কে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসএ





