প্রিজনভ্যান থেকে নেমে আদালতে প্রবেশের আগেই ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রিজনভ্যানে হাতকড়া পরিয়ে তাকে ঢাকা সিএমএম আদালতের সামনে আনা হয়।
এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালত নেয়া হয়। তবে প্রিজনভ্যান থেকে নামার আগেই দরজায় দাঁড়িয়েই মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলে দেন মেজর আখতারুজ্জামান।
এ সময় ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে তিনি বলেন: ‘আরে আমি হেলমেট পরব না, আপনি জানিয়ে দেন! আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না! আমি হেলমেট পরব না!’
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দরকার পড়লে এখানে আমি পুলিশের গুলিতে মৃত্যু বরণ করব, কিন্তু আমি হেলমেট পরব না, পরব না, পরব না!’
আখতারুজ্জামান বলেন, আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহ নিয়ে বিলম্ব হয়। ওই ফ্লাইটে ছিলেন আখতারুজ্জামান। ঢাকা বিমানবন্দরে নেমে তিনি ওই ঘটনা নিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে ‘বাজে’ আচরণ শুরু করেন। তিনি বিমানমন্ত্রীর নাম ধরেও আপত্তিকর মন্তব্য করেন। তার উচ্চবাচ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান নামে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।
এসএ