আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১টি নির্দিষ্ট গোষ্ঠী জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানান তিনি।
পোস্টে জামায়াত আমির আরোও বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।
উল্লেখ্য, আজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওই ঘটনার পরে জামায়াতের আমির শফিকুর রহমান এই পোস্ট দিয়েছেন।
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হয়েছেন ডা. শফিকুর রহমান।