দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক এবং এতিম–আলেম–উলামাদের সন্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে থাকবেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে শুক্রবার (৬ মার্চ) কূটনীতিকদের সন্মানে এবং শনিবার (৭ মার্চ) এতিম–আলেম–উলামা–মাশায়েক সন্মানে দুটি ইফতার আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এ ইফতার মাহফিল হবে যমুনায়।
প্রধানমন্ত্রী রাজনীবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও তার সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সন্মানের ইফতার মাহফিলের আয়োজন থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সাথেই ইফতার করছেন। রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না। সূত্র: সময় সংবাদ