আসন্ন ঈদুল আজহা বা কোরবানি ঈদ উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিন ছুটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
এতে বলা হয়, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) ঈদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে।
ঈদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ফলে ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কর্মদিবস হিসাবেই গণ্য হবে।’
প্রশাসনিক কেন্দ্র নবান্ন জানিয়েছে, ঈদ পালনের দিন বদলে যাওয়ার কারণেই ছুটির দিনে এই সংশোধনী আনা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানি ঈদে দু‘দিন সরকারি ছুটি দেওয়া হতো।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে, অন্যদিকে তৃণমূল পায় ৮০টি আসন।
সূত্র: আনন্দবাজার, রিপাবলিক বাংলা
এসএ