চুরি হওয়া ৫২টি মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিলেট মেট্রোপলিটন এলাকার ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) খতিয়ে দেখে চুরি হওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবিসাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এসএমপি কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি ও হারানোর ঘটনায় ভুক্তভোগীরা নিজ নিজ থানায় জিডি করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা এসব জিডি খতিয়ে ফোনগুলোর অবস্থান শনাক্ত করে পুলিশের বিশেষ ইউনিট ও সাইবার ক্রাইম ইউনিট। পরে এগুলো উদ্ধার করা হয়।

মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৩২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, আমাদের হাতে মোট ৫২টি মোবাইল রয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলের ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) অ্যানালাইসিস (পর্যালোচনা) করে এখন পর্যন্ত এই মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম।

কমিশনার বলেন, আজকের এই সময়টি অত্যন্ত আনন্দের যে, আমরা সেই মোবাইলগুলি মালিকের কাছে হস্তান্তর করতে পারছি। এই বিষয়ে আমি আবারও আমার টিমকেও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমরা প্রযুক্তির সহায়তা, আমাদের দক্ষতা এবং আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য। এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা কাজের রহস্য উদঘাটন করা সম্ভব হয়। এভাবেই আমরা এ মোবাইল ফোনগুলো উদ্ধার করেছি।

এদিকে, জনসাধারণকে সতর্ক করে একটি সচেতনতামূলক বার্তাও দিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় সামান্য অসতর্কতা থেকেও আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই পুরাতন ডিভাইস কেনাবেচার সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করা, রসিদ বা মেমো সংরক্ষণ করা এবং ডিভাইসের বক্সে উল্লিখিত আইএমইআই নম্বরের সঙ্গে সেটের প্রকৃত আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

তাছাড়া, ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার হাত থেকে বাঁচতে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে বা ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে কোনো ডিভাইস কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More