চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি হাজী রফি উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান, তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, আগের দিন থেকেই ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। শেষ দিন হওয়ায় সকালে তাড়াতাড়ি কার্ড সংগ্রহ করতে মাঠে এসেছিলেন বখতিয়ার।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেদামারি গ্রামে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
হুসাইন মালিক/এজে/দীপ্ত সংবাদ