ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে জরুরি বিভাগের সেবা। বুধবার (৮ এপ্রিল) বিকালে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক শিক্ষার্থী। তাকে দেওয়া প্রেসক্রিপশনের একটি ওষুধ না পাওয়ায় বিষয়টি চিকিৎসকদের জানান কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে শুরু হয় কথাকাটাকাটি, যা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।
দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েক দফায় ঘটে ধাওয়া–পাল্টা ধাওয়া। এতে আহত হন উভয়পক্ষের বেশ কয়েকজন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান, সংঘর্ষের সূত্রপাত ওষুধ কেনা কেন্দ্র করেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত ও হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত চালু করবেন না জরুরি বিভাগের সেবা।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনার চেষ্টা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে।