জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় জাতীয় সংসদ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী‘কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, তার বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৩টি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি ৩টি মামলা বর্তমানে তদন্তাধীন।
তিনি আরও বলেন, লালবাগ থানার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
এর আগে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় শিরীন শারমিন চৌধুরীকে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রংপুর–৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন। ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা ৪বার তিনি এ দায়িত্বে ছিলেন।
শেখ হাসিনার সরকার পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।
এসএ