সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন)'সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন)’সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয় পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) শ্যামলী এলাকার সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর এবং অজ্ঞাত ৭৮ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নেতৃত্বে দেশজুড়ে সমাদৃত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে তাকে সিকেডি কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায়।

অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতাল ছুটে যান যুবদল কেন্দ্রীয় নেতারা।

যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি ও আসলে আমাদের সংগঠনের কেউ না। এরা আমাদের সংগঠনের নাম ভাঙ্গায়। আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এসব বিষয়ে জিরো টলারেন্স। এসব ঘটনা ঘটলে আমরা কাউকে ছাড় দেই না।’

উল্লেখ্য, ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশেবিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More