
গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও ৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (০৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুকসুদপুর থেকে গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ ভ্যান (খুলনা মোট্রো–১১–২৫৬৫) উপজেলার গেড়াখোলা থেকে মুকসুদপুরগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এ দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।