কুমিল্লা জেলার হোমনা উপজেলায় কোরবানি পশুর হাটে নিজ পালিত গরুর শিংয়ের গুঁতোয় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আমেনা বেগম (৫৫) উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, কোরবানি ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে নিজ পালিত একটি গরু বাজারে নিয়ে যান আমেনা বেগম ও তার পরিবার সদস্যরা। বাজারে নেয়ার পর হঠাৎ গরুটি তেড়ে গিয়ে শিং দিয়ে আমেনা বেগমকে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে পরিবার সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এসএ