দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ–শ্রমিকের মধ্যে সংঘর্ষ চলছে। এতে মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রায় ৫ ঘণ্টা ধরে বন্ধ থাকা সড়কে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকরা মহাসড়কের ওপর মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১৫টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মহাসড়কে আটকে পড়া যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রেখে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও বিভিন্ন দিক থেকে আবারও আক্রমণ চালাতে থাকেন। এ সময় শ্রমিকরা পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) কারসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। বর্তমানে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমি, শফিপুর, পল্লীবিদ্যুৎসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ি থেকে টাঙ্গাইল অভিমুখে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়েছে। একইভাবে টাঙ্গাইল থেকে গাজীপুর অভিমুখে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে মহাসড়কের কয়েকটি পয়েন্টে আগুন জ্বালিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে। পুলিশ তাদের বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করছে। উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করা ও যানমালের নিরাপত্তায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে এখনও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।