দীপ্ত নিউজ
রাজনীতি

‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্যে এ কথা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্ব প্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, আমি শেষ নবী ও রসুল। আমার পরে কোনো নবী আসবে না।

খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।