কৃষক কার্ড প্রি–পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম সমাবেশস্থলে তিনি এই কর্মসূচি উদ্বোধন এবং স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
কম্পিউটার মাউসে ক্লিক করার আগে প্রধানমন্ত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “এখানে এই কম্পিউটারের একটি সুইচ টিপলে বাংলাদেশের প্রায় ২২ হাজার কৃষকের কাছে সরকারের দেয়া এই সুবিধা পৌঁছে যাবে। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করবো।”
এরপর জনতাকে সাথে নিয়ে উচ্চস্বরে ‘বিসমিল্লাহ‘ এবং ‘ওয়ান–টু–থ্রি‘ কাউন্টডাউন মাধ্যমে তিনি সুইচ টিপে ঐতিহাসিক এই কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)।
শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন করবেন।
এর আগে, সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি গুলশান বাসভবন ছেড়ে যায়। এরপর সকাল ১১টার দিকে টাঙ্গাইল পৌঁছান প্রধানমন্ত্রী।
এসএ