নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কলমাকান্দা–দুর্গাপুর সড়কের গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪) এবং একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান (২০)।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা–দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে চা পান করতে যান। চা খাওয়া শেষে রাত আনুমানিক ১টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে একটি মোটরসাইকেল চান্দুয়াইল এলাকায় পৌঁছালে পেছনের মোটরসাইকেলটি দেখতে না পেয়ে তারা উল্টো পথে খোঁজ করতে যান। পরে গজারমারি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে খাদে তিন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিবিড় ও সোহান কে মৃত ঘোষণা করেন। গুরুতর বিল্লাল প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, নিহত দুই যুবকের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।