দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহতদের পরিচয় মিলেছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহতদের পরিচয় মিলেছে

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন: ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য প্রথমে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)। তাঁদের মধ্যে কয়েকজনসহ মোট ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এখনো চলছে উদ্ধারকাজ