রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করার পর আগামী ২০ মার্চ ঈদ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার ফাতওয়া কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ায় রমজান মাস শেষ হচ্ছে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। সেই হিসেবে ২০ মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর এবং ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাসের প্রথম দিন পালিত হবে। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির জাতীয় ইমাম পরিষদ ও ফাতওয়া কাউন্সিল এই ঘোষণা দিয়েছে।

কাউন্সিল জানিয়েছে, নতুন চাঁদের জন্ম, সূর্যাস্ত এবং অস্ট্রেলিয়া ও এর আশপাশের অঞ্চলে চাঁদের দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্বজুড়ে প্রখ্যাত আলেমদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে চাঁদ দেখার বিষয়ে অন্যান্য ইমাম বা আলেমদের ভিন্ন মত থাকতে পারে বলে স্বীকার করেছে ইমাম পরিষদ। তারা এই পার্থক্যগুলোকে সম্মান জানিয়ে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার এবং নিজেদের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিমদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উদযাপনের পাশাপাশি অস্ট্রেলীয় মুসলিমদের প্রতি তারা বিশেষ কিছু আহ্বান জানিয়েছেন।

ঈদ উদযাপনের পাশাপাশি তারা গাজার ফিলিস্তিনি ভাইবোনদের জন্য দোয়া করতে এবং সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্যার্থে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে মেলামেশার মাধ্যমে ইসলামের শান্তির বার্তা ও সঠিক ভাবমূর্তি তুলে ধরতে বলেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More