সোমবার, মার্চ ৩০, ২০২৬
সোমবার, মার্চ ৩০, ২০২৬

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন।

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও এক হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরার শেষ দিন ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়কপথের ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন।

মোজাম্মেল হক চৌধুরী জানান, একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৯ জন আহত হওয়ার পাশাপাশি ৩ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে তিন পথে ৩৭৭টি দুর্ঘটনায় মোট ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব আরও জানান, গত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More