২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক আচরণের’ অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। সংস্থাটির দাবি, বিশ্বকাপে ইরান দলের ‘প্রধান বেশ কয়েকজন ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে’ ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তথ্য অনুযায়ী, আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান দলের ১৪ কর্মকর্তা ও স্টাফ।
এর মধ্যে— ইরান ফুটবল ফেডারেশন মহাসচিব হেদায়েত মোম্বেইনি এবং সহ–সভাপতি মেহদি মোহাম্মদ নবী আছেন। তবে ফেডারেশন সভাপতি মেহদি তাজের ভিসা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার এই সিদ্ধান্ত ‘কার্যত ইরান জাতীয় দলকে একটি বৈষম্যহীন ও সমান সুযোগের প্রতিযোগিতা থেকে বঞ্চিত করেছে’।
এতে আরও বলা হয়, ফেডারেশন এই বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা‘র কাছে উত্থাপন করবে।
বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব সদস্যকে ভিসা দেয়নি, তারা দলের সঙ্গে মেক্সিকো যাবেন। এর মধ্যে তাদের ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
এদিতে, শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবিসি নিউজ‘কে জানান, ইরান দলের সব ফুটবলারের ভিসা অনুমোদন করা হয়েছে।
তবে বার্তা সংস্থা এপিকে একজন মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দেন, ইরানের দলটির সঙ্গে যুক্ত কিছু আবেদনকারী ‘মিথ্যা অজুহাতে’ ভিসার আবেদন করায় তা বাতিল করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উস অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির শুনানিতে বলেছিলেন, ইরানের বিশ্বকাপ দলের মধ্যে আইআরজিসি সঙ্গে কারও কোনো সম্পৃক্ততা আছে কি না, তা কড়া নজরে রাখা হবে। ‘ক্রীড়াজগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আইআরজিসির সঙ্গে যোগসূত্র আছে, এমন একদল মানুষকে বিশ্বকাপ দলের ভেতরে ঢুকিয়ে দিতে চাইলে আমরা তা কিছুতেই হতে দেব না।’
উল্লেখ্য, বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরান প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়াম আর ২৬ জুন মিসরের বিপক্ষে।
এসএ