একদিকে আকাশ থেকে ঝরছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অন্যদিকে মাটির নিচে শক্তিশালী কম্পন—এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইরান। পারস্য উপসাগরীয় দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সপ্তম দিনে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) দক্ষিণ ইরানের বন্দর আব্বাস অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল বন্দর আব্বাস শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূ–পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম্পনটি বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলেও ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে যুদ্ধের কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে নতুন এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর পাওয়া যায়নি।
এদিকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা আজ সপ্তম দিনে পদার্পণ করেছে। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া বার্তায় ঘোষণা দিয়েছেন, ‘ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।‘