মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এখন চরমে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আজ রাতে ইরানের ওপর ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ‘ অভিযান পরিচালিত হতে যাচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্কট বেসেন্ট তার সাক্ষাৎকারে স্পষ্ট করেন যে, মার্কিন এই পরিকল্পিত হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি বলেন, ‘এই হামলায় ইরানের সামরিক অবকাঠামোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। আমরা তাদের এই সক্ষমতাগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।‘
ইরানের বিরুদ্ধে বিশ্ববাজারে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার‘ অভিযোগ এনে বেসেন্ট আরও জানান, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে দেখছে। বিশ্ব অর্থনীতিতে ইরানের প্রভাব খর্ব করতেই এই কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন তিনি।
এদিকে, মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে রাশিয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। এই খবরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্র সবকিছুই নিখুঁতভাবে ট্র্যাক করছে এবং রাশিয়ার এই কার্যক্রম মাথায় রেখেই আমাদের যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।‘
তিনি মার্কিন নাগরিকদের আশ্বস্ত করে আরও বলেন, ‘আমেরিকার জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে বা কী তথ্য আদান–প্রদান করছে, সে বিষয়ে কমান্ডার–ইন–চিফ ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা–ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেয়া হচ্ছে।‘