জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিড লাইনে প্রায় সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় হঠাৎ বিকট শব্দ হয়ে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাঈদ একরামুল্লাহ জানান, শুক্রবার আশুগঞ্জ–ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ করে ত্রুটি দেখা দেয়ায় লাইনটি বন্ধ হয়ে যায়। এতে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম ইউনিট ইস্টে উৎপাদনে থাকা ২৫০ মেগাওয়াট এবং ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম ইউনিট নর্থে উৎপাদনে থাকা ৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, ইউনিট গুলো বন্ধ হওয়ার পর থেকে কারখানার নিজস্ব প্রকৌশলীরা ২টি ইউনিট চালু করার লক্ষ্যে কাজ শুরু করেন।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় সিগনাল পাওয়ার মাত্র নর্থ ইউনিটটি চালু করা সম্ভব হবে। পূর্ব ইউনিটটি চালু করতে কিছুটা সময় লাগবে।’
উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১,৫৮০ থেকে ১,৬০০ মেগাওয়াট। তবে, গ্যাসের অপর্যাপ্ত সরবরাহের কারণে সাধারণত এর চেয়ে কিছুটা কম (১,২০০–১,৩০০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদিত হয়।
এসএ