মাঠে এক অদম্য আতঙ্কের নাম হলান্ড। গতির ঝড় তুলে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করতে যার জুড়ি মেলা ভার, সেই নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্ব চেনে এক ‘গোলমেশিন‘ হিসেবে।
তবে মাঠের সেই বিধ্বংসী রূপের আড়ালে হলান্ডের ব্যক্তিজীবন কিন্তু বেশ শান্ত ও সাধারণ। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই ফুটবল জাদুকরের জীবনের কিছু অজানা রঙিন অধ্যায় উঠে এসেছে।
হালান্ড কি বিবাহিত?
ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলার এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। তবে তিনি একটি দীর্ঘ ও স্থিতিশীল সম্পর্কে রয়েছেন। তার জীবনসঙ্গীর নাম ইসাবেল হাউগসেং জোহানসেন।
ইসাবেলও নরওয়ের ব্রাইনি শহরের বাসিন্দা এবং তিনি নিজে একজন সাবেক ফুটবলার ছিলেন।
হালান্ডের মতোই তিনি ব্রাইনি এফকের হয়ে ফুটবল খেলেছেন। শৈশবের এই চেনা–জানাই পরবর্তীতে চমৎকার বোঝাপড়া আর প্রেমে রূপ নেয়।
সম্পর্কের শুরু ও সাধারণ জীবনযাপন
শৈশব থেকে পরিচয় থাকলেও ২০২১ সালের দিকে তাদের প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক শুরু হয়। হালান্ড এক সাক্ষাৎকারে মজার ছলে জানান, ইসাবেলই প্রথম তাকে মেসেজ পাঠিয়ে যোগাযোগ করেছিলেন।
বিশ্বজোড়া খ্যাতি থাকলেও মাঠের বাইরে তাদের মুহূর্তগুলো আর দশটা সাধারণ মানুষের মতোই। অবসরে তারা দুজনে ঘরে বসে জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’ খেলতে দারুণ পছন্দ করেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে এই ইসাবেল–হালান্ডের ঘরে আসে এক পুত্রসন্তান। বাবা হওয়া প্রসঙ্গে হালান্ড স্কাই স্পোর্টসকে বলেন, “বাবা হওয়ার পর আমি ফুটবল থেকে নিজেকে আরও ভালোভাবে বিচ্ছিন্ন করতে পারি। বাড়ি ফিরলে আমি আর ফুটবল নিয়ে ভাবি না, যা আমাকে মানসিকভাবে অনেক বেশি শান্ত রাখে।“