মানুষের নিরাপত্তাই উন্নয়নের প্রথম শর্ত– এই বিশ্বাস থেকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্পিড ব্রেকারে সঠিক মার্কিং নিশ্চিত করার কাজ শুরু করেছে আবদুস সাত্তার ফাউন্ডেশন।
শনিবার (৯ মে) শহরজুড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফাউন্ডেশন চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, অতীতে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো আমাদের শিখিয়েছে—ছোট একটি সচেতনতামূলক উদ্যোগও অনেক প্রাণ বাঁচাতে পারে। নিরাপদ সড়ক, পরিচ্ছন্ন নগরী, পরিকল্পিত উন্নয়ন—এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন।
তিনি আরও বলেন, মানুষের অংশগ্রহণ আর দায়িত্বশীল নেতৃত্বের হাত ধরে একদিন সিরাজগঞ্জ হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম আদর্শ ও আধুনিক শহর। দেশ আমাদের, শহর আমাদের—সুন্দর রাখার দায়িত্বও আমাদের।
প্রসঙ্গত, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। মানবিক সহায়তা, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানায় স্থানীয়রা।
মাসউদ/এসএ