আন্দোলন করে এইচএসসি পরীক্ষা স্থগিত/বাতিল অথবা বিনা পরীক্ষায় পাস (অটোপাস) দেয়ার মতো ‘অপসস্কৃতি‘ আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার শুনতে প্রস্তুত থাকলেও পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক—সরকার তা চায় না। তবে আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল কিংবা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।
তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার কীভাবে দেখছে?
এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। দু–একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্পটে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। মিডিয়ায় আসায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর দেয়া এবং ঢালাওভাবে জিপিএ–৫ দেয়ার অপসংস্কৃতি তৈরি হয়েছিলো। এমনকি অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো বিষয় দেখা গেছে। সেই প্রবণতার ধারাবাহিকতাই এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোন কাজ আমরা অ্যালাউ করব না।
তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চাই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এসএ