রাজধানীর আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে সন্তানহারা প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আদ–দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির।
তিনি বলেন, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পূর্বঘোষিত অন্যান্য সুযোগ–সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সন্তানহারা প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা দেয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ্–দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন লাইসেন্স বাতিল হবে না, স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ্–দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে সশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।
এদিকে, শোকজ–এর জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির আবেদনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
এসএ