জাতীয় সংসদ সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী‘কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর আনুমানিক ৫ টার দিকে রাজধানীর ধানমন্ডি ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবি হেফাজতে আছেন।
যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বলেন, শিরীন শারমিন চৌধুরীকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী মামলা আছে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারপর তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
রংপুর–৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন। ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা ৪বার তিনি এ দায়িত্বে ছিলেন।
শেখ হাসিনার সরকার পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
এসএ