দীপ্ত নিউজ
অর্থনীতি

আগামী শুক্র–শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আগামী শুক্র–শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন–বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ শিল্প সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখ ও উপশাখা বন্ধ থাকবে।

আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে। সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার বিষয়ে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এর মধ্যে, ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। যার মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মাতুল বিদার বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আর ২৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। যার মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি–রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে করে ব্যবস্থা নিতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল টানা ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক।

 

এসএ