
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, আমরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে।
রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হয়েছে।
তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী–সংক্রান্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হচ্ছে। তবে এ ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠার জন্য আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনই ছিল আমাদের আন্দোলন। সংবিধান সংশোধনের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হবে।
তিনি বলেন, পতিত শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি ও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত বা মেনে নেয়া হবে না।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।