আইশোস্পিডকে নিয়ে ফিফার কড়া বিবৃতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দে ও আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘আইশোস্পিড’ এবং একজন সমর্থকের মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফিফা।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে আইশোস্পিডের সঙ্গে এক দর্শকের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সালের ৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক ও আইশোস্পিডের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে ফিফা জানতে পারে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।’

আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা, যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন।

মায়ামিতে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে তার এই ঘটনা ঘটে। আইশোস্পিড ওই দর্শকের দিকে ফিরে জানতে চান, তিনি কী বলছেন। অভিযোগ রয়েছে, ওই সমর্থক স্প্যানিশ ভাষায় তাকে ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদো’ বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুধু ফুটবলের প্রতিযোগিতা নয়, এটি ঐক্য, বৈচিত্র্য ও সম্মানের উদযাপন। যারা এসব মূল্যবোধের বিরুদ্ধে আচরণ করবে, তাদের কোনোভাবেই স্বাগত জানানো হবে না। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি স্পষ্ট করেছে, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময়ই কঠোর থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More