আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ন্যায়বিচার নিশ্চিতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি–জিপি শাখা) থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায়, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নম্বর–১৩৯০/২০২৬ (পল্লবী থানার মামলা নম্বর ৩৫, তারিখ: ২০/০৫/২০২৬ খ্রি. ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ তৎসহ ধারা: ২০১/৩৪, পেনাল কোড হতে উদ্ভূত) আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতি সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ‘কে নিয়োগ দেয়া হলো।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
তবে শুক্রবার (২২ মে) শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল ঢাকা বার অ্যাসোসিয়েশন আইনজীবীরা।
সংগঠন সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া জানিয়েছিলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস হত্যাকারীর পক্ষে আমরা মামলা পরিচালনা করতে চাই না। এই সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের কাছে বার্তা পৌঁছাবে যে, তাদের কোনোভাবেই পার পাওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেছিলেন, ঢাকা বার অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এসএ